শার্শায় ৮ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে আলিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়ীয়ার ঘোপ গ্রামের আলতাফ হোসেনের ওই শিশু কন্যাকে গত ১০ এপ্রিল সকালের দিকে ওই ব্যক্তি ধর্ষন করে। শিশুটির চিৎকারে ধর্ষন কারী ঐ দিন পালিয়ে যেতে সক্ষম হয়।
বর্তমানে শিশুটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক আলিম শার্শার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।
শিশুটির মা রাবেয়া বেগম বলেন, মেয়েকে রেখে সে মাঠে জমিতে কাজ করতে গিয়েছিল। তার বাবা শার্শায় একটি জুট মিলে কাজ করতে যায়, এ সময় শিশুটির চিৎকারে আলিম পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, এ ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা একই গ্রামের আবু তালেবের ছেলে আলিমুর রহমান ও লিটন হোসেন বিচার করে ৪০ হাজার টাকা নিয়েছে ওই আলিমের নিকট থেকে। আপনি টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে বলে না আমাকে কোন টাকা পয়সা দেয়নি তারা,শুনেছি ধর্ষকের নিকট থেকে তারা মোট ৮০ হাজার টাকা নিয়েছে।
তবে মেয়েটির চাচা জাহের বলেন, তারা একা একা কি ভাবে বিচার করল, আমাদের ডাকেনি। এমনকি বিচারের টাকা মেয়েটির চিকিৎসার জন্যও দেওয়া হয়নি।
বিচারককারী আলিমুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা আলিমকে ডেকে মেয়েটির চিকিৎসা খরচ দিতে বলেছি। টাকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এরকম কোন ঘটনার অভিযোগ আসেনি। আমি শুনেছি এরকম একটা কিছু হয়েছে। আর বিচার যারা করেছে তারাও টাকা নিয়েছে কিনা আমি জানি না। আমার নিকট আসলে আমি বিষয়টি দেখতাম।
শার্শা থানা ওসি বদরুল আলম বলেন, আমি খবর পেয়ে অভিযুক্ত আলিমকে গ্রেফতার করেছি। এটা ধর্ষন চেষ্টা বলে তার মা রাবেয়া বেগম অবহিত করেছে। শিশু মেয়েটি শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।